দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নে যুবলীগ সভাপতির বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিচারের দাবিতে সরব হয়েছে স্থানীয় যুবসমাজ।
অভিযুক্ত ব্যক্তি মাহবুবুল আলম মামুন সরকার কামাল্লা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে এবং কামাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী গৃহবধূ একটি মুদি দোকানে কেনাকাটা করতে গেলে দোকানে কেউ না থাকার সুযোগে তাকে জাপটে ধরার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় এক নারী এবং বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ভুক্তভোগীর স্বামী মামলা করার প্রস্তুতি নিলেও হুমকি ও সামাজিক চাপের কারণে শেষ পর্যন্ত সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। পরবর্তীতে গত বৃহস্পতিবার গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ভুক্তভোগীর স্বামী অসুস্থ থাকায় সালিশি কার্যক্রম স্থগিত করা হয়। ওই বৈঠকে স্থানীয় ইউপি সদস্য ও সাবেক জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অনিয়ম ও অপকর্মের অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগী পরিবার নিরাপত্তার কারণে সেসব বিষয়ে তখন আইনগত ব্যবস্থা নিতে পারেনি।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় যুব সমাজ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে মাহবুবুল আলম মামুন সরকার বলেন, ওই নারী তার দোকানে এসেছিলেন, তবে তাকে জড়িয়ে ধরার অভিযোগ সঠিক নয়। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তিনি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
এমএস/